‘কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা
ঝিনাইদহের শৈলকূপায় কবি বঙ্গ রাখাল প্রতিষ্ঠিত গোলাম রসুল স্মৃতি পাঠাগারে ‘কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গোলক নগরে গোলাম রসুল স্মৃতি পাঠাগারে আয়োজিত সভায় কবি বঙ্গ রাখালের সভাপতিত্বে বরেণ্য লোককবি মোঃ হাসানুজ্জমান, কবি রণভী শের, লেখক সুজন বিপ্লব, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ আশরাফ আলী, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বাংলা বিভাগের প্রভাষক আব্দুল গফফার, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ইমাম মেহেদী ও লোককবি আব্দুল মজিদ পঞ্চ আমন্ত্রিত অতিথি হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ, ইউপি সদস্য আলম রায়হান খান, কবি আমিনুর রহমান, কবি কবির হোসেন, কবি অনীক সিদ্দিকী প্রমুখ কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা করেন।
কবি বঙ্গ রাখালের সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, প্রত্যন্ত গ্রামীণ জনপদে এই অবরুদ্ধ সময়ে কবি বঙ্গ রাখালের পাঠাগার আন্দোলন ও সাহিত্যচর্চা সমাজ পরিবর্তনের আলোকবর্তিকা হয়ে সর্বত্র ছড়িয়ে পড়বে। কূপমণ্ডূকতা, কুসংস্কার ও সামন্ত গোষ্ঠীতন্ত্রের বিপরীতে মৌলবাদবিরোধী, অসম্প্রায়িক, গণতান্ত্রিক, বিজ্ঞানমুখী ও প্রগতিশীল সমাজ বিনির্মাণের অনবদ্য ভাষ্য ‘কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়’ পাঠককুলে সমাদৃত হবে বলে আলোচকগণ আশাবাদ ব্যক্ত করেন।


















